আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানে বিমান হামলা চালালো ইসরায়েল।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সতর্কবার্তা উপেক্ষা করে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবোলসারে একটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। শহরটি কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এবং তেহরান থেকে বেশি দূরে নয়। হামলার আগে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়।

স্কাই নিউজ আরও জানায়, ট্রাম্প একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে সরাসরি ‘বোমা না ফেলতে’ অনুরোধ করেন। তিনি লেখেন, “ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি ফেলো, এটা হবে একটি গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন। পাইলটদের এখনই ফিরিয়ে নাও।”

তবে তার এমন কড়া বার্তা সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে কার্যত অগ্রাহ্য করে হামলা চালায়।

এদিকে, ইরানের সংবাদমাধ্যম মিজান এবং শার্গ জানিয়েছে, রাজধানী তেহরানে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও হামলার পর তাৎক্ষণিকভাবে বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান সংঘাত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, যদি আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির বাস্তব প্রয়োগ নিশ্চিত না করতে পারে।

মতামত দিন