ইরানে ইসরায়েলি হামলায় ৬১০ জন নিহত।
মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহতদের মধ্যে এখনো ৯৭১ জন চিকিৎসাধীন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।
মৃতদের মধ্যে রয়েছে ১৩ শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস। এছাড়া ৪৯ জন নারী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।
হামলায় স্বাস্থ্যখাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। ধ্বংস হয়েছে অন্তত সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সেবা কেন্দ্র, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স।
এর মধ্যেই হোয়াইট হাউস থেকে বড় ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প বলেন, দুই পক্ষ এখন থেকে নতুন কোনো হামলা চালাবে না এবং পূর্ব ঘোষিত সময়সীমা অনুযায়ী যুদ্ধবিরতির সব শর্ত কার্যকর থাকবে।
তবে ট্রাম্পের ঘোষণার আগে পর্যন্ত ইসরায়েলের সীমান্ত এলাকাগুলোতে এখনও মাঝে মাঝে গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদমাধ্যম। ফলে, বাস্তবে যুদ্ধবিরতি কতটা কার্যকর হয়, সেটি এখন দেখার বিষয়।

মতামত দিন