ইরানের গিলানে সন্ত্রাসী হামলা:৯ জন নিহত,আহত ৩৩।
মঙ্গলবার (২৪ জুন) বিবিসির খবরে এই তথ্য উঠে আসে। গিলান প্রাদেশিক গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়, হতাহতদের অন্তত ১৬ জনই নারী ও শিশু। স্থানীয় সময় রাতের দিকে ঘনবসতিপূর্ণ একটি এলাকায় এ হামলা চালানো হয়।
এদিকে ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, নিহতদের মধ্যে মোহাম্মদ রেজা সেদ্দিকি নামের এক প্রখ্যাত পারমাণবিক বিজ্ঞানী রয়েছেন। যদিও সরকারিভাবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করেছে। গিলানে সংঘটিত হামলার সঙ্গে এটি সম্পর্কযুক্ত কি না, তা স্পষ্ট নয়।
হামলার প্রকৃত উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনা এবং পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করেই এ হামলার পেছনে প্রণোদনা থাকতে পারে।
অবশ্য এ হামলার মাত্র ঘণ্টাখানেক আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে।
ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির সময়সূচি:
-
গ্রিনিচ মান সময় সকাল ৪টায় (তেহরান সময় সকাল ৭:৩০) ইরান যুদ্ধবিরতি শুরু করবে
-
এর ১২ ঘণ্টা পর, ইসরায়েল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (গ্রিনিচ মান সময় ১৬:০০) যুদ্ধবিরতি শুরু করবে
-
২৪ ঘণ্টার জন্য দুটি পক্ষ যুদ্ধবিরতি মেনে চললে এটি পূর্ণমাত্রায় কার্যকর বলে গণ্য হবে
তবে গিলানে এই প্রাণঘাতী হামলার ঘটনায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়েই নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যুদ্ধবিরতির মাঝেও এমন হামলা ইরান-ইসরায়েল উত্তেজনার নতুন মাত্রা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মতামত দিন