ইরানের বিরুদ্ধে ‘সব লক্ষ্য পূরণ হয়েছে’: নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা থেকে যে দ্বৈত হুমকি তৈরি হয়েছিল, আমরা তা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি। অভিযানের মূল উদ্দেশ্যগুলো আমরা পূরণ করেছি।”
তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মধ্য দিয়েই এই অভিযানের কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এখন উভয় দেশের সম্মতিতে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো গেছে।
তবে নেতানিয়াহু হুঁশিয়ার করে বলেন, “যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে, ইসরায়েল আগের চেয়েও বেশি কঠোর জবাব দেবে। আমাদের প্রতিরক্ষা ও প্রতিশোধের সক্ষমতা অটুট রয়েছে।”
ইসরায়েলের পক্ষ থেকে এ বক্তব্য এলেও, তেহরানের দিক থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইসরায়েলের সামরিক পদক্ষেপ ও যুদ্ধবিরতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে নেতানিয়াহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নিজের অবস্থানকে আরও দৃঢ় করার চেষ্টা করছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে—তা নিয়ে সংশয় রয়ে গেছে।

মতামত দিন