আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে উত্তাল তেহরান,বিক্ষোভে যোগ দিলেন ইরানি প্রেসিডেন্ট।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ইরান। রোববার (২২ জুন) সকাল থেকে দেশটির রাজধানী তেহরানের রাজপথে হাজারও মানুষ জড়ো হয়ে জোরালো বিক্ষোভে অংশ নেন।
এই জনস্রোতে সরাসরি অংশ নিয়ে নজিরবিহীন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাজধানীর আজাদি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদ, ফেরদৌসি স্কয়ার এবং পার্লামেন্ট ভবনের সামনে একযোগে বিক্ষোভকারীরা জড়ো হন। ‘আমেরিকার মৃত্যু চাই’, ‘প্রতিশোধ চাই’— এমন স্লোগানে মুখরিত হয় তেহরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। মিছিলকারীদের হাতে ছিল ইরানি পতাকা,ব্যানার এবং যুক্তরাষ্ট্রবিরোধী নানা শ্লোগান।

বিক্ষোভের কেন্দ্রস্থলে এসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “ইরানের মাটি বা আকাশে কোনো আগ্রাসন কখনোই বরদাশত করা হবে না। যুক্তরাষ্ট্রের হামলা ইরানের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ। এর যথাযথ জবাব দেবে তেহরান।”

তিনি আরও বলেন, “আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আগুন নিয়ে খেলে, তাকেও দগ্ধ হতে হবে।”

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও তাসনিমসহ বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেল এই বিক্ষোভের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে। বিভিন্ন শহর থেকেও প্রতিবাদের খবর আসছে, যদিও তেহরান ছিল এর কেন্দ্রবিন্দু।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের হামলার জেরে শুরু হয় তেহরান-তেলআবিব পাল্টাপাল্টি সামরিক উত্তেজনা। এরপর গত ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ইরানের ফোর্দো,নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় একাধিক হামলা চালায়। এতে হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য এখনো পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়নি।

মতামত দিন