ইরানের হরমুজ প্রণালী বন্ধে,চীনের হস্তক্ষেপ চায় ওয়াশিংটন।
এই পরিস্থিতিতে ইরানকে এমন পদক্ষেপ থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন—তারা যেন তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসে।
রুবিও বলেন, “চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তারাই প্রথম বড় ক্ষতির মুখে পড়বে। তাই আমি চাই চীন সরকার এ বিষয়ে তেহরানের সঙ্গে কথা বলুক।”
তিনি আরও সতর্ক করে বলেন, “হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য একটি ভয়ানক ভুল হবে। এটি তাদের অর্থনৈতিক আত্মবিধ্বংসী সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হতে পারে। যদিও আমাদের বিকল্প পরিকল্পনা রয়েছে, তবে এই পদক্ষেপ বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করবে।”
হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে রপ্তানিকৃত তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এর উত্তর দিকে ইরান এবং দক্ষিণ দিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। এই পথ বন্ধ হয়ে গেলে বিকল্প কোনো কার্যকর রুট আপাতত খোলা নেই।
যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, হরমুজ প্রণালী বন্ধ হলে শুধু তারা নয়, বিশ্বের অন্যান্য দেশও কঠোর জবাব দেবে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় এখন নজর চীনসহ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতার দিকে।
মতামত দিন