আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হুমকি, হরমুজ প্রণালী বন্ধের আহ্বান ইরানি উপদেষ্টার।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হোসেইন শারিয়াতমাদারি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২২ জুন) সিএনএনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

শারিয়াতমাদারি, যিনি একইসাথে কট্টরপন্থী দৈনিক ‘কায়হান’-এর প্রধান সম্পাদক এবং খামেনির প্রতিনিধির মর্যাদাপ্রাপ্ত, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, “আমেরিকা ফোরদো পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে, এবার পালা আমাদের।”

তিনি দ্রুত জবাবের পক্ষে মত দিয়ে লেখেন, “আর দেরি না করে, আমাদের বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো উচিত। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া দরকার, যেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের—বিশেষত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির জাহাজ চলাচল করতে না পারে।”

তার এই বার্তার একেবারে শেষে কুরআনের একটি আয়াত উল্লেখ করা হয়: “তোমরা তাদের যেখানেই পাও, হত্যা করো।”

যদিও এখনো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি, তবে শারিয়াতমাদারির মতো প্রভাবশালী ও ঘনিষ্ঠ ব্যক্তিত্বের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, তেহরান পাল্টা জবাব দিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালী—যেখান দিয়ে বিশ্বজুড়ে মোট রপ্তানি হওয়া তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়—বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

এদিকে, পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। তাদের সামরিক বাহিনী এবং মিত্র ইসরায়েল সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সেই সঙ্গে শঙ্কা রয়েছে, ইরান হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্বার্থে পরোক্ষ হামলা চালাতে পারে।

মতামত দিন