যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ইরানের মিত্রদের হামলার আশঙ্কা।
অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরান আগেই বলে রেখেছে—তারা পাল্টা জবাব দেবে। তবে শুধু তেহরানের নির্দেশ নয়, ইরানের ঘনিষ্ঠ মিলিশিয়া ও সমর্থিত গোষ্ঠীগুলো নিজেরাই প্রতিক্রিয়া দেখাতে পারে।”
তার মতে, ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনসহ বিভিন্ন দেশে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো স্বতঃস্ফূর্তভাবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা স্বার্থে হামলা চালাতে পারে।
অধ্যাপক শাহরাম আরও বলেন, “মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক ও কূটনৈতিক স্থাপনা রয়েছে, যেগুলো এখন গুরুতর ঝুঁকির মুখে। পরিস্থিতি যেকোনো মুহূর্তে আরও বিস্ফোরক রূপ নিতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা সরাসরি লড়াইয়ের চেয়ে পরোক্ষ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। এতে গোটা অঞ্চল নতুন এক বিস্তৃত সংঘাতের মুখোমুখি হতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার চেষ্টা করছে। তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে।

মতামত দিন