আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার পর দফায় দফায় রকেট ছুড়ছে ইরান।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় রকেট ছুড়েছে ইরান। ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে চালানো এসব হামলায়  আনুমানিক ৩০টির মতো রকেট নিক্ষেপ করা হয়েছে।

রয়্যা নিউজের বরাতে জানা গেছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত ইনস্টলেশনগুলো। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাগুলো দফায় দফায় পরিচালিত হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনী সতর্কাবস্থায় রয়েছে।

এর আগে শনিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের দিক থেকে পাল্টা রকেট ও ড্রোন হামলা শুরু হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান-ইসরায়েল সংঘাতের এই উত্তাপ যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করতে পারে।মধ্যপ্রাচ্যে এমন পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক কূটনৈতিক হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা।

মতামত দিন