ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার দাবি :ট্রাম্পের।
নিজস্ব প্রতিবেদক:
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
খবর আল জাজিরা-র।
পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি। সব যুদ্ধবিমান এখন ইরানের আকাশসীমার বাইরে এবং নিরাপদে ফিরছে।”
তিনি আরও বলেন, “বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এমন অপারেশন করতে পারেনি। আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। এখনই শান্তির সময়।”
এর আগে গত বৃহস্পতিবার তিনি বলেছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে যুক্ত হবে কি না, তা দুই সপ্তাহের মধ্যে জানানো হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই হামলার দাবি করলেন তিনি।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা ইরান সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মতামত দিন