আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় থাকতে ইরানকে ব্যবহার করছেন: বিল ক্লিনটন।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় থাকতে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগাচ্ছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মার্কিন জনপ্রিয়  টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
খবর সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ-এর।

ক্লিনটন বলেন, “নেতানিয়াহু বহু আগেই ইরানের সঙ্গে যুদ্ধ চেয়েছেন। এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন—এটাই তার কৌশল। আমার মনে হয়, তিনি গত ২০ বছরের বেশিরভাগ সময়ই ক্ষমতায় আছেন।”

প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহু ১৯৯৬ সাল থেকে কয়েক দফায় ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানেও তিনি ক্ষমতায় রয়েছেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে ক্লিনটন বলেন, “আমার মনে হয়, এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করার চেষ্টা করা আমাদের কর্তব্য। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প এই দায়িত্ব নেবেন।”

তবে নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সরাসরি বড় ধরনের যুদ্ধ শুরু করতে চান না বলে মনে করেন তিনি। ক্লিনটনের ভাষায়, “আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কিন্তু যুদ্ধ শুরু করলে যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়, তা হলো সাধারণ মানুষ। তারা শুধু শান্তিতে থাকতে চায়।”

বিল ক্লিনটনের এসব মন্তব্য এমন এক সময় এলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত  ঘনীভূত হচ্ছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

মতামত দিন