আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলে যুক্তরাষ্ট্র-জার্মানির নতুন অস্ত্র সহায়তা।

নিজস্ব প্রতিবেদক:

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ইসরায়েলের সামরিক সক্ষমতা জোরদারে নতুন করে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ১৪টি পৃথক কার্গো বিমানে করে সামরিক সরঞ্জামের এই চালান সম্প্রতি ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জুন) চালানগুলো ইসরায়েলে পৌঁছায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সামরিক অভিযানের ধারাবাহিকতা ও সক্ষমতা বজায় রাখার অংশ হিসেবেই এই সমরাস্ত্র সহায়তা পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এটি কেবলমাত্র যুদ্ধ পরিচালনার জন্য নয়, বরং ভবিষ্যতের প্রস্তুতি ও মজুদের দিক দিয়েও তাৎপর্যপূর্ণ।

তবে পাঠানো সামরিক উপকরণে ঠিক কী ধরনের অস্ত্র বা প্রযুক্তি রয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে ওয়াশিংটন বা বার্লিন থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৮০০টি কার্গো বিমানে করে অস্ত্র সরবরাহ করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। এতে ইসরায়েলের স্থল, নৌ ও বিমান বাহিনীর অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্য হারে সমৃদ্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের লাগাতার সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘস্থায়ী ও জটিল করে তুলতে পারে।

মতামত দিন