আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি গুলিতে নিহত ২২।

নিজস্ব প্রতিবেদক:

গাজার দেইর আল-বালাহর নেটসারিম করিডোরে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (১৯ জুন) আল-আওয়দা হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে এমনই তথ্য জানিয়েছে আল জাজিরা।

হাসপাতাল সূত্র বলছে, হামলার সময় বহু মানুষ আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার পটভূমিতে ইরান-ইসরায়েল চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হবে কি না— সে প্রশ্নে দুই সপ্তাহ সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেই বলেছেন, “ইরানের সঙ্গে আলোচনা হতে পারে, আবার নাও হতে পারে। তবে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় লাগবে।”

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ইতিমধ্যে গোপনে সামরিক আঘাতের পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, যদিও আনুষ্ঠানিক কোনো নির্দেশ এখনো জারি হয়নি।

এদিকে ইসরায়েল জানিয়েছে, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় তাদের অন্তত ২৪ জন নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানে এ পর্যন্ত ২২৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) দাবি করেছে, সংঘাত শুরুর পর ইরানে নিহতের সংখ্যা ৬৩৯ জনে পৌঁছেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েল আরাক শহরের একটি অচল পারমাণবিক রিঅ্যাক্টর এবং নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে পুনরায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

মতামত দিন