ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলে বিস্ফোরণ।
ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে শহরের একটি ট্রেন স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন ধরে যায় পার্কিংয়ে রাখা কয়েকটি গাড়িতে। দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলার মাত্র কিছুক্ষণ আগেই ইসরায়েলি বাহিনী ইরানে পাল্টা অভিযানে অংশ নেয়। এ সময় আইডিএফ অন্তত ৬০টি যুদ্ধবিমানের মাধ্যমে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিমান হামলা চালায়। হামলায় প্রায় ১২০টি বোমা নিক্ষেপ করা হয়। টার্গেট করা হয় বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর, ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা।
এছাড়া ইরানের ইসফাহান অঞ্চল, ক্যাস্পিয়ান সাগরের তীরবর্তী উপকূলীয় শিল্পাঞ্চল ও উত্তরাঞ্চলীয় রাশত শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতাকে আঘাত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল পাল্টা হামলার এই ধারা আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

মতামত দিন