ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলল উত্তর কোরিয়া,সতর্ক করল যুক্তরাষ্ট্র ও ইউরোপকে।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইরানের পারমাণবিক, জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ইসরায়েলের এই হামলা গভীর উদ্বেগজনক। এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও মন্তব্য করে দেশটি।
উত্তর কোরিয়ার মতে, ইসরায়েলের এ ধরনের আগ্রাসন গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়ে দিচ্ছে। তারা ইসরায়েলকে "রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে জড়িত একটি শক্তি" বলে অভিহিত করে।
একইসঙ্গে, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনায় বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে সরাসরি সতর্ক করে মুখপাত্র বলেন, তারা যেন সংঘর্ষে আর ইন্ধন না যোগায়।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বৈশ্বিক বাস্তবতা প্রমাণ করে যে, ইসরায়েল একটি বহুমাত্রিক হুমকি হয়ে উঠেছে, যার পেছনে রয়েছে পশ্চিমা পরাশক্তিদের নীরব সমর্থন। পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানায়।

মতামত দিন