ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের না জড়ানোর আহ্বান বার্নি স্যান্ডার্সের।
ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয়—এমন আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বুধবার (১৮ জুন) এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন।
পোস্টে স্যান্ডার্স লেখেন, “নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন। তাই আমেরিকার পররাষ্ট্রনীতি বা সামরিক পদক্ষেপ তিনিই ঠিক করবেন—এমনটা হতে পারে না।” তিনি আরও বলেন, “যদি ইসরায়েলের জনগণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায়, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু যুক্তরাষ্ট্রকে সেই যুদ্ধে টেনে আনা একেবারেই অনুচিত।”
এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের প্রতি তার ‘ধৈর্য শেষ’ হয়ে গেছে। তিনি এমন ইঙ্গিতও দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র চাইলেই হামলা চালাতে পারে।
তবে এই অবস্থানে সবাই একমত নন। ইরানে হামলার বিরোধিতায় নিউইয়র্ক শহরে বিক্ষোভ হয়েছে, যেখানে সাধারণ মার্কিন নাগরিকরা ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ স্লোগানে উত্তাল করে তোলেন রাজপথ। একই দাবিতে এর আগে হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এক ভয়াবহ অস্থিতিশীলতা ডেকে আনতে পারে—এমন আশঙ্কা থেকেই বার্নি স্যান্ডার্সের মতো রাজনীতিকরা এখন সরব হচ্ছেন।
মতামত দিন