আল জাজিরার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী।
বৃহস্পতিবার (১৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেন-গভির বলেন, আল জাজিরার সম্প্রচার ইসরায়েলের জন্য ‘জাতীয় নিরাপত্তার হুমকি’। তিনি বলেন, “এই চ্যানেলের কার্যক্রম চলতে দেওয়া মানে আমাদের রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলা।” তার দাবি, ইসরায়েলে কেউ যদি এখনো আল জাজিরার সম্প্রচারে নজর রাখে, তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
যদিও ইসরায়েল সরকার মে মাসেই আল জাজিরার সব কর্মীদের—রিপোর্টার, প্রযোজক ও চিত্রগ্রাহকদের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরও আল জাজিরা আরবি এবং আল জাজিরা মুবারাশ কিছু সীমিত পরিসরে দেশটিতে কাজ চালিয়ে যাচ্ছে।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ফিলিস্তিন কর্তৃপক্ষও পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেয়, যার ফলে চ্যানেলটি কার্যত গোটা অঞ্চলে চাপের মুখে রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধকালীন সময়ের সম্প্রচার নিয়ে আল জাজিরার ভূমিকা নিয়ে তেলআবিবের দীর্ঘদিনের ক্ষোভ এই নিষেধাজ্ঞা ও বক্তব্যে আরও দৃশ্যমান হলো।

মতামত দিন