আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের জন্য ড্রোন প্রস্তুতের অভিযোগে ইরানে ১৮ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের হয়ে ড্রোন নির্মাণে জড়িত থাকার অভিযোগে ইরান ১৮ জনকে আটক করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার (১৯ জুন) জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে— আটক ব্যক্তিরা স্থানীয় ওয়ার্কশপ ব্যবহার করে ইসরায়েলের পক্ষে ড্রোনের নকশা তৈরি ও উৎপাদনের সম্পৃক্ত ছিল।

তাদের বিরুদ্ধে নজরদারি ড্রোন ও কামিকাজে (আত্মঘাতী) ড্রোন তৈরির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়। নিরাপত্তা সংস্থার মতে, এই গ্রুপটি পেশাদারভাবে সংগঠিত ছিল এবং দীর্ঘদিন ধরেই গোপনে কাজ করছিল।

এর আগে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ইরান একাধিক সন্দেহভাজন এজেন্টকে আটক করেছিল। চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা অভিযান জোরদার করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই গ্রেপ্তার অভিযান নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গ্রেপ্তার ইঙ্গিত দেয়— সামরিক সংঘাতের পাশাপাশি প্রযুক্তি ও গোয়েন্দা লড়াইও তীব্র হয়ে উঠেছে।


মতামত দিন