আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ব্যবস্থায় সাইবার হামলা।

নিজস্ব প্রতিবেদক:

ইরানের সরকারি টেলিভিশন সম্প্রচারব্যবস্থা বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে রাজধানী তেহরান থেকে পরিচালিত ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি)-এর স্যাটেলাইট সিগনালে হস্তক্ষেপের ঘটনা ঘটে।

তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাটি পরিকল্পিতভাবে পরিচালিত হয় এবং এর পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

আইআরআইবি এক বিবৃতিতে জানায়, চ্যানেলের নিয়মিত সম্প্রচারে হঠাৎ করে ইরানের অতীতের সরকারবিরোধী আন্দোলনের ভিডিও প্রচার হতে থাকে। তারা আরও জানিয়েছে, সিগনালে হস্তক্ষেপ করে উদ্দেশ্যপ্রণোদিত বার্তা দেখানো হয়, যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে।

টেলিভিশন কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে— যদি সম্প্রচারে অস্বাভাবিক বার্তা বা ভিডিও দেখা যায়, তাহলে তা ‘বৈরী পক্ষের সাইবার আগ্রাসনের’ ফলাফল হিসেবে বিবেচনা করতে হবে।

এই সাইবার হামলার ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন একদিন আগেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের সম্প্রচার ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এছাড়া একই সপ্তাহে ইরানের দুটি ব্যাংক— রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংক এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইটেও সাইবার আক্রমণের ঘটনা ঘটে। এতে এসব আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রম কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়ে।

ক্রমবর্ধমান এই সাইবার হামলা এবং সরাসরি সামরিক হামলা ইঙ্গিত দিচ্ছে, ইরান-ইসরায়েল সংঘাত এখন প্রযুক্তিগত ও তথ্য যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে।

মতামত দিন