আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার পরও অক্ষত ইরানের পরমাণু কার্যক্রম: ইসলামি।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পরও ইরানের পরমাণু স্থাপনাগুলো স্বাভাবিকভাবে কাজ করছে এবং নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থা (এইওআই)-এর প্রধান মোহাম্মদ ইসলামি। বুধবার (১৮ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
খবর তাসনিম নিউজ এজেন্সির।

ইসলামি বলেন, “ইসরায়েল হামলা চালিয়ে আমাদের পারমাণবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে পারেনি। স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে এবং সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।”

তিনি আরও জানান, হামলার পরও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কর্মীরা দায়িত্ব পালনে দৃঢ় মনোবল বজায় রেখেছেন। ইসলামির ভাষায়, “ইরানি জাতি কখনও কারও কাছে মাথানত করেনি। শত্রুরা সামরিক আগ্রাসন চালিয়ে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।”

এর আগে ১৩ জুন ইসরায়েল একযোগে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে নিহত হন কয়েকজন সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক। লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ছিল নাতানজ পারমাণবিক কেন্দ্র, যেটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা।

তবে ইসলামি দাবি করেন, নাতানজসহ সবকটি স্থাপনাই বর্তমানে নিরাপদ রয়েছে এবং কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হলেও, ইসলামির এই আশ্বস্তিমূলক বক্তব্য দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

মতামত দিন