আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে হামলা করে বড় ভুল করেছে ইসরায়েল: খামেনি।

নিজস্ব প্রতিবেদক:

ইরানে সামরিক হামলা চালিয়ে বড় ধরনের কৌশলগত ভুল করেছে ইসরায়েল—এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক  ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আগ্রাসনের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, "শহীদদের রক্ত এবং আমাদের ভূখণ্ডে হামলার স্মৃতি জাতি কখনো ভুলে যাবে না। এর প্রতিক্রিয়া অত্যন্ত কঠিন ও পরিণতিমূলক হবে।"

এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে খামেনি বলেন, “ইরানের ইতিহাস জানে এমন কেউ জানেন—ইরান হুমকির ভাষায় কথা শোনে না। শান্তি বা যুদ্ধ—কোনোটিই চাপিয়ে দেওয়া যাবে না।”

যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, "যদি তারা আমাদের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে তার ফল হবে ভয়াবহ। এমন পরিণতি বয়ে আনবে যা তাদের ধারণারও বাইরে।"

এই বক্তব্য সরাসরি খামেনি না দিলেও রাষ্ট্রীয় টেলিভিশনের এক নারী উপস্থাপিকা তার ভাষণ পড়ে শোনান। শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর এটিই ছিল খামেনির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘জায়নবাদি শাসকদের’ বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ইঙ্গিত দিয়েছিলেন।

জানা গেছে, ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার দেশটি ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানিয়েছে। মূলত ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা টার্গেট করে ইসরায়েল বিমান হামলা শুরু করে, যার প্রভাব পড়ে রাজধানী তেহরানসহ কয়েকটি আবাসিক এলাকাতেও।

বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত আরও জটিল রূপ নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করবে।

মতামত দিন