ইরানি ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা মজুত ফুরিয়ে আসছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে নিক্ষিপ্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে অ্যারো-২ ও অ্যারো-৩ মিসাইল ব্যবহৃত হচ্ছে। কিন্তু প্রতিদিনকার প্রচণ্ড চাপের মুখে এই অস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। এতে ভবিষ্যতে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা হুমকিতে পড়তে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা।
এক মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র বহু আগেই ইসরায়েলের এই ঘাটতির বিষয়টি সম্পর্কে অবগত ছিল। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে অ্যারো ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু হয়। বর্তমানে অ্যারো-২ ও অ্যারো-৩ দুটি ভিন্ন স্তরের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। সম্প্রতি ইরানের ধারাবাহিক হামলা ঠেকাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় প্রতিদিনই সক্রিয় রয়েছে।
বিশ্লেষকদের মতে, অ্যারো মিসাইলের ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের সহায়তা জরুরি হয়ে পড়তে পারে। একইসঙ্গে এই সংকট দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা কৌশলে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন