আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানি ক্ষেপণাস্ত্র আতঙ্কে পাতাল রেলস্টেশনে আশ্রয়ে ইসরায়েলিরা।

নিজস্ব প্রতিবেদক:

ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবসহ বিভিন্ন শহরের জনজীবনে নেমে এসেছে আতঙ্ক। হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক ইসরায়েলি নাগরিক ছুটে গেছেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের দফায় দফায় ছোড়া ক্ষেপণাস্ত্রের ফলে সাইরেন বাজানো হয় ইসরায়েলের বিভিন্ন এলাকায়। এতে আতঙ্কিত বাসিন্দারা কাছাকাছি থাকা আশ্রয়কেন্দ্র বা পাতাল রেলস্টেশনে গিয়ে অবস্থান নেন। তেল আবিবের রামাত গান এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার সময় ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাচ্ছে। এতে ইরানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েল পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র এ ঘাটতির বিষয়টি আগেই জানতে পেরেছিল এবং ইসরায়েলের প্রতিরক্ষা জোরদারে অতিরিক্ত সামরিক সরঞ্জাম স্থল, সমুদ্র ও আকাশপথে মোতায়েন করা হয়েছে।

মতামত দিন