ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা,নিহত ৬১।
মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ-এর হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে।
সকালে খান ইউনিসের রাউন্ড অ্যাবাউট এলাকায় খাবার সংগ্রহে অপেক্ষারত মানুষের ওপর বিমান হামলা চালানো হয়। এতে প্রাণ হারান অন্তত ৫১ জন। আহত হন দুই শতাধিক মানুষ। তাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালগুলো রোগীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া হাসপাতালে নেই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে,একদিকে ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল,আর অন্যদিকে গাজায় সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন আরও বাড়িয়েছে দেশটি।

মতামত দিন