আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সংঘাতে ঘি ঢালার অপচেষ্টা বন্ধ করুন:ট্রাম্পকে চীনের হুঁশিয়ারি।

নিজস্ব প্রতিবেদক:

ইরান-ইসরায়েল উত্তেজনা যখন ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক তখনই মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। চীন অভিযোগ করেছে, তেহরান ত্যাগের আহ্বান জানিয়ে ট্রাম্প আগুনে ঘি ঢালার কাজ করছেন।

সোমবার (১৬ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, “সংঘাতে হুমকি বা চাপ প্রয়োগ করে সমাধান আসে না। বরং এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংকট আরও ঘনীভূত হয়।”

তিনি জোর দিয়ে বলেন, “এই অস্থিরতা নিরসনে একমাত্র পথ হলো সংলাপ ও কূটনৈতিক সমঝোতা। সংঘাত উসকে দিয়ে কেউই লাভবান হবে না।”

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানিদের প্রতি তেহরান দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না, এবং এ জন্য সবকিছুই করা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা আরও বাড়ছে। সোমবার রাতে ইরান সরাসরি তেলআবিব লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরান বলেছে, এটিই তাদের ইতিহাসে সবচেয়ে বড় হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে, মানুষকে আশ্রয়ে যেতে বলা হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইরানের আক্রমণ প্রতিহত করতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন,“আয়াতোল্লাহ খামেনিকে সরানোই হতে পারে এই সংঘাত থামানোর একমাত্র উপায়।”

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে ঘিরে বড় শক্তিগুলোর অবস্থান ও বক্তব্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণে না রেখে আরও জটিল করে তুলছে।

মতামত দিন