তেহরান ত্যাগে ইরানিদের প্রতি ট্রাম্পের সতর্কবার্তা।
সোমবার (১৬ জুন) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করলে এমন পরিস্থিতি এড়ানো যেত। আমি তাদের তা করতে বলেছিলাম। এখন যা ঘটছে, তা দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণভাবে মানুষের জীবনহানির অপচয়।”
তিনি আরও বলেন, “আমি আগেও বলেছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে না। এখন সাধারণভাবে বলছি—সবাই দ্রুত তেহরান ছেড়ে দিন।”
ট্রাম্পের এমন মন্তব্যের তাৎপর্য নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকে ধারণা করছেন, ইসরায়েল হয়তো ইরানের রাজধানী শহরের ওপর বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে, আর ট্রাম্প সেই আশঙ্কা থেকেই এমন বার্তা দিয়েছেন।
এদিকে, ইসরায়েল-ইরান সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল একাধিকবার ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানায় প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের হুঁশিয়ারি কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তিনি আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
মতামত দিন