ইসরায়েলের উত্তরে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
সোমবার (১৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার পরপরই উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানায়, হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হামলার সময় বন্দরনগরী হাইফাতেও সতর্কতা সংকেত শোনা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিগত চার দিনের মধ্যে একাধিকবার এই অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। সতর্কতা হিসেবে হাইফার একটি বড় তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই।

মতামত দিন