ইরানে ১২০-এর বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের।
সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, “আমরা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চ সিস্টেমের প্রায় এক-তৃতীয়াংশ নিশ্চিহ্ন করেছি। শুধু গত রাতে ২০টির বেশি লঞ্চার ধ্বংস করা হয়েছে। এগুলো চালু হতে মাত্র কয়েক মিনিট বাকি ছিল।”
ব্রিগেডিয়ার ডিফ্রিন আরও দাবি করেন, ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তেহরানের আকাশসীমায় প্রবেশ করে সম্পূর্ণ আধিপত্য বজায় রেখেছে এবং ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ করে ব্যাপক আক্রমণ চালানো হয়।
তেলআবিবের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়, যাদের লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রের গুদাম, মোতায়েন কেন্দ্র এবং লঞ্চার ব্যবস্থা।
উল্লেখ্য, ইসরায়েলি অভিযানের পাল্টা জবাবে ইরানও বেশ কয়েকটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। এতে তেলআবিব ও আশদোদের মতো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মতামত দিন