আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক:

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দূতাবাস ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো মার্কিন নাগরিক আহত হননি বলেও তিনি জানান। সতর্কতা হিসেবে জেরুজালেম ও তেল আবিবের মার্কিন মিশনগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ইসরায়েল গত শুক্রবার ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে পারমাণবিক স্থাপনা ও তেল শোধনাগারসহ বহু জায়গায় বিস্ফোরণ ঘটে এবং হতাহত হয় বহু মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ইরানে অন্তত ১২৮ জন নিহত এবং প্রায় ৯০০ জন আহত হয়েছেন।

তেহরান এই আক্রমণের জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর ও স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে প্রাণহানি হয়েছে ১৪ জন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর,ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনার জেরে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও মধ্যপ্রাচ্যে তাদের দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোর ওপর অতিরিক্ত নজরদারি ও সতর্কতা আরোপ করা হয়েছে।

মতামত দিন