আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে মোসাদের হয়ে কাজের দায়ে ,ফিকরির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর।

নিজস্ব প্রতিবেদক:

ইরানে মোসাদের হয়ে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল ফিকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগ-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ জানিয়েছে, ফিকরি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচার করেছিলেন। তাকে ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ইরানের সর্বোচ্চ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, যা সম্প্রতি কার্যকর হয়।

জানা গেছে, ফিকরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলেন এবং সংস্থাটির অন্তত দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।এই যোগসাজশের মাধ্যমেই তিনি ইরানের নিরাপত্তা ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হন।

মিজান অনলাইন দাবি করেছে, এ মৃত্যুদণ্ড ইসরায়েলের গুপ্তচরবৃত্তি কার্যক্রমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। তারা আরও বলছে, ইরানের নিরাপত্তা রক্ষায় এটি একটি ‘কৌশলগত সাফল্য’।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ভাঙার লক্ষ্যে ইসরায়েল নানা ধরনের গুপ্তচর ও নাশকতা চালিয়ে আসছে। সেই প্রেক্ষিতে ইরানি কর্তৃপক্ষ একাধিকবার দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

মতামত দিন