আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতের লখনউ বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন।

নিজস্ব প্রতিবেদক:

ভারতের লখনউয়ে চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা প্রায় ২৫০ হজযাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
রবিবার (১৬ জুন) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’।

সূত্র জানায়,‘এসভি ৩১১২’ নম্বরের ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে রওনা হয়েছিল শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে এবং লখনউ পৌঁছায় রোববার সকাল ৬টা ৩০ মিনিটে। অবতরণের পরপরই বিমানের বাঁ পাশের একটি চাকার অংশ থেকে হঠাৎ করে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট দ্রুত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে বিমান থামিয়ে দেন এবং এটিকে ট্যাক্সিওয়েতে সরিয়ে নেন। সেখানে জরুরি অবতরণ সম্পন্ন করে কেবিন ক্রুসহ সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর তদন্তে জানা গেছে, বিমানের হাইড্রলিক সিস্টেমে আকস্মিক লিক হওয়ায় চাকা অত্যধিক গরম হয়ে পড়ে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৌভাগ্যবশত দুর্ঘটনাটি অবতরণের সময় হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। উড্ডয়নের সময় এমন ত্রুটি দেখা দিলে প্রাণহানির আশঙ্কা ছিল অনেক বেশি।

উল্লেখ্য, মাত্র ক’দিন আগেই ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। সেই ঘটনায় ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জন এবং নিচে থাকা আরও ২৯ জন নিহত হন।

সাম্প্রতিক এসব ঘটনায় ভারতের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মতামত দিন