আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা।

নিজস্ব প্রতিবেদক:

ইরানের সঙ্গে উত্তেজনার পারদ যখন চরমে, তখন মধ্যপ্রাচ্যের আরেক সংঘাতপীড়িত অঞ্চল ইয়েমেন থেকেও নতুন করে হামলার শিকার হলো ইসরায়েল। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী দেশটির অভ্যন্তরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেলআবিব কর্তৃপক্ষ।

শনিবার (১৪ জুন) রাত থেকে (১৫ জুন) রোববার সকাল পর্যন্ত একটানা চলে এ হামলা। মধ্যরাতে দফায়  দফায় মিসাইল ছোড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের জন্য অনেক বাসিন্দাকে ছুটে যেতে দেখা যায়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা হামলার পাশাপাশি এবার ইয়েমেন থেকেও হামলার আলামত স্পষ্ট। ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।এ পর্যন্ত হুতিদের পক্ষ থেকে এটি দ্বিতীয় দফার হামলা বলে গণ্য করা হচ্ছে।

গত সপ্তাহের মঙ্গলবারও হুতি গোষ্ঠী ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। তার জবাবে তেলআবিব হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর এলাকায় বিমান হামলা চালায়।

সাম্প্রতিক এই আক্রমণ ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যে উত্তেজনা চলছে,তাতে একাধিক গোষ্ঠী সরাসরি অংশ নিচ্ছে। হুতিদের এই জড়িত থাকা সংঘর্ষটিকে আরও বিস্তৃত ও বহুমুখী করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

মতামত দিন