আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দুবাইয়ের ৬৭তলা ভবনে ভয়াবহ আগুন।

নিজস্ব প্রতিবেদক:

দুবাই মেরিনার একটি উচ্চ ভবনে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আশার কথা—দমকল ও উদ্ধারকর্মীদের দ্রুত ও সমন্বিত অভিযানে ভবনটিতে অবস্থানরত প্রায় ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে  অগ্নিকাণ্ড শুরু হয় ৬৭ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে। আগুনের সূত্রপাতের পরপরই সিভিল ডিফেন্স বাহিনী, পুলিশ ও জরুরি সেবার অন্যান্য সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান,ধোঁয়ার ঘনত্ব বাড়লেও ভবনের প্রতিটি ফ্লোর থেকে সিঁড়ি ও লিফট ব্যবহার করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়। এমনকি পোষা প্রাণীদেরও ফেলে রাখা হয়নি। শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ভবনের কিছু অংশ থেকে  ধোঁয়া বের হচ্ছে, যেটি কর্তৃপক্ষের ভাষায় অগ্নি নির্বাপণ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও কিছু বাসিন্দা অভিযোগ করেছেন, আগুন লাগার সময় অগ্নিনির্বাপক অ্যালার্ম কাজ করেনি। তবু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ভবনের বাসিন্দারাই প্রথমে জরুরি সাড়া দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে—মুখ ঢেকে ধোঁয়া এড়িয়ে অনেক  বাসিন্দা ভবনের নিচে ছুটে আসছেন, আবার উদ্ধারকারীরা অনেককেই নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

মতামত দিন