পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিলেটের মাহবুবুল।
নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নান্না মিয়া। কয়েক বছর ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে পর্তুগালের লিসবনে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি দোকান পরিচালনা করছিলেন।
মাহবুবুলের পরিবারের বরাতে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে লুটপাটের চেষ্টা চালায়।তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে মারাত্মক আহত অবস্থায় মাহবুবুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। নিহত মাহবুবুলের মরদেহ ময়নাতদন্ত শেষে দেশে পাঠানো হবে কিনা, সে বিষয়ে পরিবার এখনো সিদ্ধান্ত নেয়নি।
এ ঘটনায় ফেঞ্চুগঞ্জসহ সিলেটজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও স্বজনরা মাহবুবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত দিন