ইসরায়েলের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিল ইরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, “গত রাতের সীমিত প্রতিক্রিয়াতেই সব শেষ নয়। আমরা হামলা অব্যাহত রাখব। এসব আঘাত শত্রুদের জন্য যন্ত্রণাদায়ক ও অনুশোচনামূলক হবে।”
এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায়। রাতেই এর জবাবে ইরান ইসরায়েলের অভ্যন্তরে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি হামলা তেল আবিবের একটি বহুতল ভবনে আঘাত হানে।
প্রত্যক্ষদর্শী চেন গাবিজন জানান, “সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বাঙ্কারে আশ্রয় নিই। কিছুক্ষণ পর বিকট বিস্ফোরণ হয়, চারপাশ ধুলা আর ধোঁয়ায় ঢেকে যায়।”
ইরানি হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে ইসরায়েলি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ভেতরে এখনও একাধিক ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।আকাশ প্রতিরক্ষা ইউনিট ও অন্যান্য সামরিক স্থাপনাও ইসরায়েলি হামলার লক্ষ্যে পড়েছে।
ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না।
মতামত দিন