আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের দুই যুদ্ধবিমান ভূপাতিত,নারী পাইলট আটক।

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে  দাবি করেছে তেহরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম 'মেহের' ও 'তাসনিম'-এর খবরে বলা হয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানের এক নারী পাইলটকেও আটক করা হয়েছে।
যদিও এই দাবিকে “অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ঘটনাটি ঘটে ইরানে ইসরায়েলি বাহিনীর ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে চালানো এক অভ্যুত্থানমূলক অভিযানের পর। শুক্রবার ভোররাতে চালানো এই অভিযানে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটানো হয়।

তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রের বরাতে জানা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যুদ্ধবিমান দুটি শনাক্ত করে এবং টার্গেট করে। সফলভাবে গুলি করে ভূপাতিত করা হয় ইসরায়েলের দুটি এফ-১৬ যুদ্ধবিমান। পাইলটদের মধ্যে একজন নারী ছিলেন, যিনি আহত অবস্থায় আটক হয়েছেন বলে দাবি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি, এবং নারী পাইলট আটকের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”

এর আগে ইসরায়েল দাবি করেছিল, তেহরানের ভেতরে তাদের মোসাদ পরিচালিত একটি গোপন ঘাঁটি থেকে নিখুঁত ড্রোন হামলার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়। এতে ইরান তাৎক্ষণিক প্রতিরোধ গড়তে পারেনি।

ইরানের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন। যদিও প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন  ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির প্রধান হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান গোলামআলি রাশিদ।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, তুরস্কসহ একাধিক দেশ দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

মতামত দিন