আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বোমা আতঙ্ক।

নিজস্ব প্রতিবেদক:

আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার একদিনের মাথায় ফের বোমা হামলার হুমকিতে আতঙ্ক ছড়াল এয়ার ইন্ডিয়ার আরেক ফ্লাইটে। থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এআই-৩৭৯ ফ্লাইটটি শুক্রবার সকালে আকাশে ওড়ার কিছু সময় পরই অজ্ঞাত একটি হুমকি বার্তা পায়, যাতে বলা হয় বিমানে বোমা রাখা হয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়ন করলেও হুমকির পর পাইলট ঝুঁকি না নিয়ে ফের ফুকেট বিমানবন্দরে ফিরে যান। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি জরুরি অবতরণ করে।

এ সময় বিমানে থাকা ১৫৬ জন যাত্রী ও ক্রুকে দ্রুত বের করে আনা হয়। থাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কাউকে কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।

সাম্প্রতিক এই ঘটনায় ভারতের বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।একদিন আগেই গুজরাটে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট দুর্ঘটনায় পড়ে,যাতে ২৪০ জনের বেশি যাত্রী নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে,২০২৩ সালে ভারতসহ আশপাশের অঞ্চলে প্রায় এক হাজার ভুয়া বোমার হুমকি পাওয়া গেছে—যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এই সর্বশেষ ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে থাই নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং যাত্রীদের আতঙ্ক দূর করতে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে।

মতামত দিন