আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি, আহত বহু শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার পেরাক প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে গেরিক জেলার বানুন এলাকায় ইস্ট-ওয়েস্ট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে গেরিক হাসপাতাল থেকে ফোন আসার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়।

নিহতদের মধ্যে বেশিরভাগই সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (UPSI) শিক্ষার্থী। তারা একটি বাসে করে তেরেঙ্গানুর  জের্টিহ থেকে পেরাকের তানজুং মালিমে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা মাল্টিপারপাস গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একটি ফেসবুক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিখেন, “এই মর্মান্তিক ঘটনা সবাইকে শিক্ষা দিক যে গন্তব্যে পৌঁছানোর চেয়ে নিরাপদে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ। আপনার জীবন অমূল্য ও অপূরণীয়।”

তিনি আরও জানান,উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে,মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী আবদ কাদির আলাদা এক বিবৃতিতে জানান, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ান পুলিশ।

মতামত দিন