আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বুধবার (৫ জুন) তিনি এক নির্বাহী আদেশে সই করে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
আগামী সোমবার, ৯ জুন থেকে আদেশটি কার্যকর হবে।

সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ রয়েছে, সেগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এছাড়াও আরও ৭ টি দেশের ওপর আংশিক ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এগুলো হলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

ট্রাম্পের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সম্প্রতি ইহুদি সম্প্রদায়ের একটি সমাবেশে পেট্রোলবোমা হামলার ঘটনা এই সিদ্ধান্তের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, হামলাকারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। তার এহেন কর্মকাণ্ড মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থার নিয়ন্ত্রণে রাখার স্বার্থে এই পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে। নতুন এই নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা ভিসা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের জন্য কঠোর জটিলতা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন