গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনেই প্রাণ গেল ৫২ জনের,আহত পাঁচ শতাধিক।
সোমবার (২ জুন) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ৫২টি মরদেহ পৌঁছেছে। পাশাপাশি আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৪৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯০-এর বেশি।
এছাড়া বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজার বহু এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতেও পারছেন না।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসে। তবে সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। মার্চের ১৮ তারিখ থেকে ইসরাইল আবারও ব্যাপক সামরিক অভিযান শুরু করে গাজার বিভিন্ন অংশে।
এই দ্বিতীয় দফার হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন আরও ৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি, আহতের সংখ্যা প্রায় ১১ হাজার বলে জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরাইলের টানা আগ্রাসনে বেসামরিক নাগরিকদের প্রাণহানি উদ্বেগজনক হারে বাড়ছে। খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের চরম সংকটে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজাবাসী।
মতামত দিন