আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে না খেলতে’ সতর্ক করল চীন।

নিজস্ব প্রতিবেদক:

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে আবারও সরব হয়েছে চীন। বেইজিং হুঁশিয়ারি দিয়েছে, তাইওয়ানকে রাজনৈতিক কৌশলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন 'আগুন নিয়ে খেলার’ ঝুঁকিপূর্ণ পথে না হাঁটে।

শনিবার (১ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বক্তব্যে চীনকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ‘সংকট তৈরি করা শক্তি’ হিসেবে উল্লেখ করেন।তিনি অভিযোগ করেন, চীন তাইওয়ানকে সামরিকভাবে দখলের চেষ্টা করছে।

এই মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানকে চাপ প্রয়োগের হাতিয়ার বানাতে চায়, তবে তা হবে বিপজ্জনক এক ভুল। বিবৃতিতে আরও বলা হয়,“যুক্তরাষ্ট্র যদি চীনের সার্বভৌমত্বের প্রশ্নে উস্কানিমূলক আচরণ চালিয়ে যায়,তবে তারা নিজেরাই অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাবে।”

বেইজিং যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি ‘বাস্তব ও বিপজ্জনক অস্থিরতা সৃষ্টিকারী’ শক্তি বলেও অভিহিত করেছে। একইসঙ্গে দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক তৎপরতা ও অস্ত্র মোতায়েনকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী করেছে চীন।

বিশ্লেষকদের মতে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক সংঘাত ক্রমশই তীব্র হয়ে উঠছে, যা ভবিষ্যতের ইন্দো-প্যাসিফিক নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

মতামত দিন