আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ায় ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, একযোগে আঘাত চারটি বিমানঘাঁটিতে।

নিজস্ব প্রতিবেদক:

রাশিয়ার ভূখণ্ডে যুদ্ধের নতুন মাত্রা যোগ করল ইউক্রেন। চলমান সংঘাতের মধ্যেই দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর পরিচালনায় এবার রাশিয়ার একাধিক সামরিক বিমান ঘাঁটিতে চালানো হয়েছে সমন্বিত ড্রোন হামলা—যা এই যুদ্ধে কিয়েভের সবচেয়ে বড় ও গভীরপাল্লার আঘাত বলে মনে করা হচ্ছে।

রোববার (১ জুন) ভোররাতে আক্রমণ চালানো হয় মস্কো থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত বেশ কয়েকটি কৌশলগত বিমানঘাঁটিতে। রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের গভর্নর হামলার খবর নিশ্চিত করেছেন। ইউক্রেনের দাবি, অভিযানে অন্তত ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসবিইউ এক বিবৃতিতে জানায়, "শত্রুপক্ষের কৌশলগত বোমারু বিমান ব্যাপকভাবে জ্বলছে।" ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই ড্রোন হামলা মূলত রাশিয়ার গভীর অভ্যন্তরে থাকা সামরিক শক্তিকে দুর্বল করতেই পরিচালিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স সরকারি সূত্র উদ্ধৃত করে জানায়, একযোগে চারটি রুশ সামরিক ঘাঁটি—ওলেনিয়া ও বেলায়া ঘাঁটিসহ—এই হামলার লক্ষ্য ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে টিইউ-৯৫ এবং টিইউ-২২এম৩ ধরনের বোমারু বিমান, এমনকি একটি এ-৫০ রাডার সতর্কতাবাহী বিমানও ধ্বংস হয়েছে বলে ধারণা।

ইউক্রেনের প্রভাবশালী সংবাদমাধ্যম প্রাভদা জানায়, এই অপারেশনের কোডনাম ছিল ‘পাভুতিনা’, যার লক্ষ্য ছিল রাশিয়ার দূরপাল্লার আক্রমণ সক্ষমতা হ্রাস করা।

উল্লেখযোগ্য বিষয় হলো,এত বড় হামলার পরও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকদের মতে, এই অভিযান ইউক্রেনের কৌশলগত সক্ষমতার প্রকাশ, যা যুদ্ধের পরবর্তী ধাপকে আরও জটিল করে তুলতে পারে।

মতামত দিন