আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হজ উপলক্ষে বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করলো সৌদি আরব।

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র হজ উপলক্ষে ২০২৫ সালের জুন পর্যন্ত বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির এ সিদ্ধান্তের ফলে সৌদি গমনেচ্ছু হাজার হাজার বিদেশি শ্রমিক ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৩১ মে) সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস-এর বরাতে এ তথ্য জানা গেছে।

সৌদি আরব যে ১৪টি দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে, সেগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের কারণে প্রবাসী কর্মী নিয়োগের প্রক্রিয়া ব্যাহত হবে এবং শ্রমবাজারে অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে যেসব দেশ থেকে সৌদি আরবে প্রচুর শ্রমিক পাঠানো হয়, তাদের  ক্ষেত্রে অর্থনৈতিকভাবে প্রভাব পড়বে।

উল্লেখ্য, ব্লক ওয়ার্ক ভিসা—যাকে গ্রুপ ভিসাও বলা হয়—এর মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান নির্দিষ্ট সংখ্যক বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি পায়। একবার এই অনুমোদন পেলে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত দেশ থেকে সরাসরি ওয়ার্ক ভিসায় শ্রমিক নিয়োগ করতে পারে।

সাধারণত প্রতি বছর হজ মৌসুমে সৌদি আরব অভ্যন্তরীণ ব্যবস্থাপনার চাপ কমাতে এই ধরনের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এবার এই নিষেধাজ্ঞার সময়সীমা ২০২৫ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা  হয়েছে, যা তুলনামূলকভাবে দীর্ঘ সময় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এ সিদ্ধান্তে সৌদি আরবে ওয়ার্ক ভিসায় যেতে আগ্রহী হাজারো বাংলাদেশি শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন