আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা।

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার,৩০ মে ২০২৫:

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানান, হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে।

হুতিদের দাবি, তারা আগেই বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করায় এই হামলা চালানো হয় এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন ইয়াহিয়া সারি।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলার সময় জেরুজালেম ও পশ্চিম তীরসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং জনগণকে মোবাইল বার্তার মাধ্যমে সতর্ক করা হয়। তবে এ হামলায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে,গাজায় ১৮ মার্চ থেকে নতুন করে স্থল অভিযান শুরুর পর হুতি বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে।

এর পাল্টা জবাবে গতকাল ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাবর্ষণ করেছে বলে নিশ্চিত করেছে সামরিক সূত্র।

মতামত দিন