আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলার জবাবে ‘গরম গ্রীষ্মের’ হুঁশিয়ারি হুতিদের।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে। বুধবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার পর এক প্রতিক্রিয়ায় হুতির শীর্ষ নেতারা সরাসরি হুমকি দিয়ে বলেন, “এই গ্রীষ্ম হবে ইসরায়েলের জন্য সবচেয়ে উত্তপ্ত।

ঘটনাস্থল পরিদর্শনকালে হুতির শীর্ষ রাজনৈতিক নেতা মাহদি আল-মাশাত বলেন, “আমরা আত্মসমর্পণ করব না, আমরা এক ইঞ্চিও পিছু হটব না। ফিলিস্তিনি জনগণের পক্ষে আমাদের অবস্থান দৃঢ় ও অবিচল থাকবে।”

তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, “ইয়েমেনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরও এখন ঝুঁকিমুক্ত নয়। শরণার্থী কেন্দ্র, নিরাপদ আশ্রয়—কিছুই নিরাপদ থাকবে না।”

গাজায় চলমান যুদ্ধ শুরুর পর এটি ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর দশম আঘাত। এর আগে সিমেন্ট কারখানা, তেল স্থাপনা এবং বন্দর এলাকায় হামলা চালিয়েছে তারা। তবে এসব অভিযানের কার্যকারিতা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে জোর সমালোচনা চলছে বলে দাবি করছে দেশটির গণমাধ্যম।

হুতি গোষ্ঠীর মতে, চলতি মে মাসের শুরু থেকে তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে অন্তত ২২টি হামলা চালিয়েছে। এ মাসটিকে তারা উল্লেখ করেছে ‘সবচেয়ে রক্তাক্ত’ সময় হিসেবে।

বিশ্লেষকরা মনে করছেন, হুতিদের এ ধরনের পাল্টা অবস্থান মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে। সানা ও গাজার মধ্যে প্রতিরোধের এই সংহতি ইসরায়েলের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মতামত দিন