ইরানে হামলার সময় এখন নয়: নেতানিয়াহুকে ট্রাম্প।
আন্তর্জাতিক,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
চলমান পরমাণু আলোচনা ঘিরে উত্তেজনার মধ্যে ইরানে সামরিক হামলা চালানোর বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে সতর্ক বার্তা দেন তিনি।
ফোনালাপে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “আমরা ইরানের সঙ্গে যে পরমাণু আলোচনা চালাচ্ছি, তা ইতিবাচকভাবে এগোচ্ছে। তেহরান এখন একটি দীর্ঘস্থায়ী সমাধান চায়, আমরাও সেটাই চাই। এই প্রক্রিয়ার মাঝে সামরিক উত্তেজনা তৈরি করা হবে বুদ্ধিমানের কাজ না।”
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, “আমার বিশ্বাস, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে। এই মুহূর্তে হামলার হুমকি নয়, বরং কূটনৈতিক অগ্রগতি ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তবে ইসরায়েল সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয়েকবার প্রকাশ্যে বলেছেন, ইরানের পরমাণু সক্ষমতা ইসরায়েলের জন্য হুমকি। অন্যদিকে, তেহরান সতর্ক করে জানিয়ে দিয়েছে—যদি তাদের স্থাপনায় হামলা চালানো হয়, তাহলে এর জবাব হবে “কঠোর ও নিরুত্তর।”
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এমনিতেই চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই অবস্থান কূটনৈতিক ভারসাম্য রক্ষারই একটি অংশ, যেখানে সামরিক আগ্রাসনের চেয়ে আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মতামত দিন