অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকার স্থগিত।
আন্তর্জাতিক,আজ বুধবার ২৮ মে ২০২৫:
যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোকে শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার নির্ধারণ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবিসির বরাতে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে পাঠানো একটি সরকারি চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।’’
চিঠিতে আরও বলা হয়, শিক্ষার্থী ভিসা (F এবং M শ্রেণি) এবং বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসাগুলোর ক্ষেত্রে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অতীত কার্যক্রম খতিয়ে দেখার প্রক্রিয়া আরও কঠোর করা হবে। এতে দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর ‘গুরুত্বপূর্ণ প্রভাব’ পড়বে বলেও উল্লেখ করা হয়।
এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু অভিজাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে এ সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক বলে মনে করছেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে ট্রাম্প প্রশাসন অতিমাত্রায় বামঘেঁষা ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে আসছে।
একাধিক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন,এসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিরোধী মনোভাব ছড়াতে সহায়তা করছে এবং জাতি ও ধর্মভিত্তিক বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। শিক্ষা খাতে এর দীর্ঘমেয়াদি প্রভাবও আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন