সানার বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলা, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরদিনই পাল্টা জবাব।
আন্তর্জাতিক,আজ বুধবার ২৮ মে ২০২৫:
ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যম। বুধবারের এই হামলায় বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ইয়েমেনি এয়ারওয়েজের একটি বাণিজ্যিক বিমানও ক্ষতির মুখে পড়ে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভি।তারা দাবি করেছে, ইসরাইলের যুদ্ধবিমান থেকে চালানো আঘাতে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
এই বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, “আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি—ইসরাইলে হামলা চালালে চরম মূল্য দিতে হবে। এটি আমাদের নিরাপত্তা নীতিরই একটি অবিচ্ছিন্ন অংশ।”
উল্লেখযোগ্য যে, এই বিমান হামলার একদিন আগেই ইয়েমেন থেকে হুতি যোদ্ধারা ইসরাইল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করেছে তেল আবিব। যদিও ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে জানায় ইসরাইলি কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে হুতিদের পক্ষ থেকে ইসরাইলবিরোধী অবস্থান আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে।

মতামত দিন