ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ছড়িয়ে পড়ছে নতুন ভ্যারিয়েন্ট।
আন্তর্জাতিক,আজ বুধবার ২৮ মে ২০২৫:
ভারতে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী,এক হাজারের বেশি মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্য অনুসারে,সবচেয়ে বেশি আক্রান্ত ধরা পড়েছে দক্ষিণের রাজ্য কেরালায়—সেখানে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩০ জন। মহারাষ্ট্রে ২০৯, গুজরাটে ৮৩, কর্ণাটকে ৪৭, উত্তরপ্রদেশে ১৫ ও পশ্চিমবঙ্গে ১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।দিল্লিতে ১০৪ জন নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। মহারাষ্ট্রে ৪ জন, কেরালায় ২ জন এবং কর্ণাটকে ১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন ভ্যারিয়েন্টটি তুলনামূলকভাবে দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম হলেও এখন পর্যন্ত এর বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ মৃদু। তবে যেকোনো ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা, এবং মাস্ক ব্যবহার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংক্রমণ বৃদ্ধির গতি অব্যাহত থাকে, তবে তা আগামী দিনে জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের চাপ ফেলতে পারে। তাই পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারত সরকার।

মতামত দিন