ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান, তবে ইউরেনিয়াম ইস্যুতে অনড়।
আন্তর্জাতিক,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপসের ইঙ্গিত দিলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছে ইরান। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।
সোমবার (২৬ মে) সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি কেবল এই নিশ্চয়তা চায় যে ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়, তাহলে সমঝোতার পথ খোলা রয়েছে। তবে ইরান নিজস্ব অধিকার থেকে একচুলও সরে আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।
বাঘায়ি জানান, আলোচনায় আপসের একাধিক পথ রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি আটকাতে চাওয়ার যেকোনো চেষ্টা আলোচনার ভিত্তি নষ্ট করবে। “এটা যদি হয় আমাদের শান্তিপূর্ণ অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, তাহলে পুরো আলোচনাই অনিশ্চয়তায় পড়ে যাবে,” বলেন তিনি।
ইরান-যুক্তরাষ্ট্র পঞ্চম দফার আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা ভালো আলোচনা করেছি। আমি মনে করি, ইরান নিয়ে কিছু ইতিবাচক ঘটতে পারে।” এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবারের আলোচনা পর্যায়কে সবচেয়ে ‘পেশাদার’ আখ্যা দিলেও মূল ইস্যু এত জটিল যে, দ্রুত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে এখনো কড়াকড়ি অবস্থানে থাকলেও, বাঘায়ি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে নমনীয়তা দেখা যাচ্ছে। “এটা বোঝা যায় তারা উপলব্ধি করছে, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার ইরান ত্যাগ করবে না,” বলেন তিনি।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর বরাতে জানা গেছে, গত তিন মাসে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরান এখন একমাত্র অ-পরমাণু অস্ত্রধারী দেশ, যারা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
তবে কূটনৈতিক সমাধানের আশা এখনো শেষ হয়ে যায়নি। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রকাশ্যে আলোচনা প্রত্যাখ্যান করেননি, তবে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বলেন, “বোকামি কথা না বলাই ভালো।”
এদিকে, সিএনএনের বরাতে প্রকাশ, যুক্তরাষ্ট্র নতুন কিছু গোয়েন্দা তথ্য পেয়েছে, যাতে বলা হয়েছে—ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমঝোতার পথেই আগ্রহী।
এ প্রসঙ্গে বাঘায়ি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“ইরানিরা কোনো চাপের কাছে নত হবে না। হুমকি এলে পুরো জাতি এক কণ্ঠে জাতীয় নিরাপত্তার পক্ষে দাঁড়াবে।”
তবে সবকিছুর পরও বাঘায়ির কণ্ঠে আশাবাদের সুরই প্রতিধ্বনিত হয়েছে। “যদি আন্তরিক ইচ্ছা থাকে, তাহলে অনেক পথ খোলা রয়েছে,” বলেন তিনি।
মতামত দিন